উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন মো. অহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজারবাগ এলাকায় ঢাকা ব্যাংক লিমিটেডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানের সময় অহিদুরের কাছ থেকে দুটি স্মার্টফোন, বিকাশ ও নগদে থাকা ১ লাখ ৩২ হাজার ২৫৫ টাকা, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা, দুটি সিমকার্ড এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ অনলাইন জুয়ার বেটিং সাইট পরিচালনার কথা স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে অহিদুর জানিয়েছেন যে এই চক্রের সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন সদস্য জড়িত রয়েছে। চক্রের সদস্যরা জুয়া পরিচালনা করে অর্জিত অর্থ দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমি ও গাড়িসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাবের দাবি, অহিদুর এই জুয়া ও বেটিং চক্রের একজন সুপার এজেন্ট হিসেবে কাজ করতেন এবং তার মোবাইলের চ্যাট হিস্টোরি থেকে অবৈধ লেনদেনের প্রমাণ মিলেছে। অহিদুরের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে র্যাব-৩-এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে।