উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যাত্রীর মৃত্যুর ঘটনায় ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবশেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। মরদেহটি বিমান থেকে নামিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর এটি যাত্রা শুরু করে।
বুধবার দুপুরে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে এসেছিল। পথিমধ্যে ছানোয়ারা বেগম (৫৫) নামের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি জরুরিভিত্তিতে মাসকাট বিমানবন্দরে অবতরণ করানো হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। তবে ওমানের স্থানীয় আইন অনুযায়ী রয়্যাল ওমান পুলিশের অনুমতি না পাওয়ায় দীর্ঘ সময় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই আটকে ছিল।
পরবর্তীতে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর মরদেহটি নামানো হয় এবং ফ্লাইটটি চট্টগ্রামের পথে যাত্রা করে। দীর্ঘ সময় ফ্লাইটটি আটকে থাকায় অন্য যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়।