উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
বর্ষা মৌসুমের শুরুতেই মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর হাটে দেখা মিলেছে সোনালী আঁশের উপচে পড়া সমাগম। ভোর হতেই আশপাশের বিভিন্ন অঞ্চল ও গ্রাম থেকে নদীপথে নৌকা এবং সড়কপথে অটো-রিকশা কিংবা অটো-ভ্যানে করে হাজারো গেরস্ত ও চাষি তাদের উৎপাদিত পাট নিয়ে আসছেন এই হাটে। সকাল গড়ালেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে উৎসবমুখর হয়ে উঠছে পুরো বাজার এলাকা, চারিদিকে ছড়িয়ে পড়ছে কাঁচা পাটের সুবাস।
চলতি মৌসুমে পাটের ধরন ও গুণগত মানভেদে বাজার দর বেশ সন্তোষজনক বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। হাটে প্রতি মণ পাট সর্বনিম্ন ৩,৬০০ টাকা থেকে শুরু করে মানভেদে ৪,০০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা চাষিদের মুখেও হাসি দেখা গেছে।
ঘিওরের এই ঐতিহাসিক হাট কেবল পাটের জন্যই সুপরিচিত নয়; ধান, সরিষা, গম, ভুট্টা থেকে শুরু করে বর্ষার ঐতিহ্যবাহী 'ডিঙ্গি নৌকা'সহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের বিশাল সমাহার ঘটে এখানে। ফলে নদীবেষ্টিত এ অঞ্চলের মানুষের কাছে কেনাকাটার অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছে ঘিওরের এই সপ্তাহের হাট।
স্থানীয় ব্যবসায়ী ও প্রবীণরা জানান, শত বছরের ঐতিহ্য বহনকারী এই ঘিওর হাট আজও তার পুরনো রূপ বজায় রেখেছে। বর্ষা মৌসুমে নদীপথে হাটে আসা-যাওয়ার সুবিধা থাকায় এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ায় প্রতি বছরই এ সময়টিতে হাটের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়।