উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম গ্লোবাল ইসলামী ব্যাংকের রাজশাহীর একটি শাখায় কর্মরত রয়েছেন।
জানা গেছে, গত ৮ মে আনোয়ারার নুছরাত জাহান হুমার সঙ্গে সিরাজুলের বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় মোটরসাইকেল কেনার জন্য ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন সিরাজুল। সেই টাকা না পেয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনার জেরে গত ৫ জুলাই নুছরাত জাহান হুমা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। শুনানি শেষে চট্টগ্রাম দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।