উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম নগরীর পরিচ্ছন্নতা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অজুহাত বা দায়িত্বে গাফিলতি সহ্য করা হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা দূরীকরণ তদারকি কমিটির সদস্য, পরিচ্ছন্নতা পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। প্রশাসক বলেন, নগরীর কোথাও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বা অহেতুক বিলম্ব হলে সংশ্লিষ্টদের চাকরি বিধিমালা অনুযায়ী কড়া জবাবদিহি ও শাস্তির আওতায় আনা হবে।
সভায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে নগরবাসীকে সতর্ক করে প্রশাসক বলেন, রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ নোংরা করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন প্রশাসক। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ তদারকি কমিটির আহ্বায়ক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।