উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেরিয়ে যাওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, এটি এনসিপি বা জামায়াত কারও এজেন্ডা নয়। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে, যার বিয়ে তার কোনো ঠেকা নেই, অথচ পাড়াপড়শির ঘুম নেই।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এটি কোনো আনুষ্ঠানিক জোট নয়, বরং একটি নির্বাচনী ঐক্য। বর্তমানে জনগণের স্বার্থে তাঁরা একসঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
জোটে মতপার্থক্য থাকতে পারে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, গণতন্ত্রে প্রত্যেকেরই নিজের প্ল্যাটফর্ম বেছে নেওয়ার অধিকার রয়েছে। তবে দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে। পাশাপাশি ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে তাঁরা ‘হোমওয়ার্ক’ শুরু করেছেন এবং দেশ-বিদেশের যোগ্য ব্যক্তিদের এতে যুক্ত করা হবে।
সংসদে ও সংসদের বাইরে বিরোধী দল তার প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যদের আসনে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে, বিরোধী দলের আসনে তার ধারেকাছেও নেই। উন্নয়ন নাগরিকদের অধিকার, এটি চেয়ে নেওয়ার বিষয় নয়।
গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ কার্যকর পরিবর্তনের আশায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এই রায় বাস্তবায়নের দাবিতে ১১-দলীয় ঐক্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।