উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ আগস্ট) বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এ ধর্মীয় শোভাযাত্রায় ৫০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।
এবারের জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমেদ শাহ। বুধবার সকাল ৮টায় ষোলশহরের আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুস শুরু হবে।
শোভাযাত্রাটি বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় নির্ধারিত ময়দানে ফিরে আসবে। জুলুসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন এবং লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু বলেন, "জশনে জুলুসের মূল বার্তা হলো শান্তি, মানবতা, অহিংসা এবং প্রিয়নবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে জীবনে ধারণ করা। সংকট ও অশান্তিতে থাকা বিশ্বে প্রিয়নবীর সুমহান আদর্শ প্রচার এবং মুসলিম মিল্লাতের ঐক্য সুদৃঢ় করাই এ জুলুসের প্রধান লক্ষ্য।"