উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত বছর মেয়াদি এই বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং ও ফ্লোটিং রেট বিশিষ্ট। এই বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে তিন শতাংশ মার্জিন যোগ করে নির্ধারিত হার। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এবং বিমা কোম্পানির কাছে ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে মেঘনা ব্যাংক পিএলসির বেসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে।
অনুমোদিত এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এছাড়া বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।