উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জশনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামাত সূফী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন রঙের পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে এতে অংশ নেন। জুলুসটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।
জুলুস শেষে কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহানবীর (সা.) পবিত্র জন্ম, জীবনাদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা শেষে দরুদ ও সালাম পেশ করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকেরা জানান, মহানবীর সুন্নাহর শিক্ষা ও শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।