উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সাংবিধানিক প্রশ্ন তুলে ও সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে গণভোটের গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার গণভোটকে অস্বীকার করে এটিকে সংবিধানবিরোধী বলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর জারি করা রাষ্ট্রপতির আদেশকে তারা চ্যালেঞ্জ করছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান নেই বলে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা মূলত গণরায় এড়িয়ে যাওয়ার চেষ্টা।
আগামী ৫ সেপ্টেম্বর সকাল সাতটায় রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান অভিমুখে লংমার্চ শুরু হবে। ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচিতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ মোট ছয়টি প্রধান দাবি তুলে ধরা হবে।
লংমার্চে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এলডিপির অলি আহমদ এবং মাওলানা মামুনুল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। গোলাম পরওয়ার জানান, রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের মূল জায়গা হলো পার্লামেন্ট। সংসদে সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথে জনগণের পক্ষে সক্রিয় থাকবেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। লংমার্চ সফল করতে প্রশাসন ও সরকারি দলের সহযোগিতা কামনা করে গোলাম পরওয়ার বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।