উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশে ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট এক দিনেই প্রবাসী বাংলাদেশীরা দেশে ৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৫ সালের আগস্টের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৮৬১ বিলিয়ন মার্কিন ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫ দশমিক ১৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৩৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের প্রথম ৫৫ দিনে রেমিট্যান্স প্রবাহে বছরভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৮ শতাংশ। রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।