উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদীর মতাদর্শের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কওমি ঘরানার শীর্ষ আলেম ও নেতারা। বক্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাসের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না এবং কওমি অঙ্গনে জামায়াতের যেকোনো ধরনের অনুপ্রবেশ রুখতে হবে।
ইমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কনভেনশনে হেযবুত তওহীদের কার্যক্রম নিষিদ্ধ করা, আহমদিয়া মুসলিম জামায়াতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং সংসদে পাস হওয়া বিতর্কিত শ্রম আইন বাতিলের দাবি জানানো হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী লিখিত বক্তব্যে মওদুদীবাদের বিভ্রান্তি সম্পর্কে উম্মাহকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।
কনভেনশনে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নিয়োগের প্রতিবাদ জানিয়ে আলেমদের পক্ষ থেকে তাকে সরিয়ে যোগ্য কাউকে নিয়োগের দাবি জানানো হয়। এছাড়া, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন হতে না দেওয়ার ঘোষণা দিয়ে সরকারকে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন না করার হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অর্ধশতাধিক আলেম ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ আলেমদের পরামর্শ ছাড়া ধর্মীয় বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে তার পরিণাম ভালো হবে না।