উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে নগরের তিনটি এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) এনায়েত বাজার, দেবপাহাড় ও বড়পোল মোড়ে পরিচালিত অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে সড়ক ও ড্রেন দখলমুক্ত করার পাশাপাশি মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এনায়েত বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেবপাহাড় এলাকায় ড্রেনের ওপর গড়ে ওঠা দোকানপাট গুঁড়িয়ে দিয়ে পানি নিষ্কাশনের পথ সুগম করা হয়েছে।
এদিকে বড়পোল মোড়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মশার লার্ভা ও অপরিচ্ছন্নতার দায়ে ৬ হাজার ৫০০ টাকা, ট্রেড লাইসেন্সের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সড়কে নির্মাণসামগ্রী রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষা ও নগরের শৃঙ্খলা ফেরাতে নাগরিক অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এবং পরিচ্ছন্ন নগর গড়তে এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।