উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে মঙ্গলবার ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ সিরিজের অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুঙ (এফ-ই-এস) এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মিলার বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন আরও কৌশলগত ও রাজনৈতিক সহযোগিতার দিকে ধাবিত হচ্ছে, যেখানে নির্ভরতার চেয়ে পারস্পরিক স্বার্থ ও জোটবদ্ধতা বেশি গুরুত্বপূর্ণ।
দীর্ঘ নয় বছর ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি সংকটটির টেকসই সমাধানে আন্তর্জাতিক মহলের নিরবচ্ছিন্ন মনোযোগের পাশাপাশি কক্সবাজারে ইইউর সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত মিলার। তিনি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রতিবেশী দেশগুলোর সাথে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সবুজ রূপান্তর নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।