উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সদস্যরা। সংগঠনটির সভাপতি কাজী মো. নজরুল অভিযোগ করেন, বাজারে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার কম দামে হাতিয়ে নেওয়া হচ্ছে।
কাজী মো. নজরুল বলেন, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একসময় বাজারে দৈনিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে তা আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে। তিনি মনে করেন, বাজারে এখন যে পতন দেখা যাচ্ছে তা স্বাভাবিক কোনো সংশোধন নয়।
বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ২০১০ সালের পর থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে এবং বাজার তদারকি জোরদার করতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট করা জরুরি। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিএসইসির সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতারা জানান।