উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কাজের মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বাসাবো বিশ্বরোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, তাড়াহুড়া করে কাজ শেষ করার পর তা যেন অল্প কয়েক দিনের মধ্যে আবার নষ্ট না হয়, সেটি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই যেন গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হলেও তিনি ডিসেম্বরের মধ্যে যান চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মাটির নিচে ওয়াসা ও ডিপিডিসির ইউটিলিটি লাইন থাকায় সংস্কার কাজে কিছুটা জটিলতা সৃষ্টি হচ্ছে বলে তারা জানান।
পরিদর্শনের সময় রাস্তার প্রশস্ততা নিয়েও আলোচনা হয় এবং ফুটপাত আরও বড় করা যায় কি না তা খতিয়ে দেখার কথা বলা হয়। এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।