উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বড় ধরনের দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে উদ্ধার কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই অনুশীলন ২৩ আগস্ট শুরু হয়ে ২৫ আগস্ট শেষ হয়। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
অনুশীলনটির মূল লক্ষ্য ছিল দুর্যোগকালীন বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং অপারেশনাল কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা। ফায়ার সার্ভিসের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়লে এআরএবি সদস্যরা কীভাবে সমন্বয় করে বিকল্প ব্যবস্থা পুনঃস্থাপন করবেন, তা এই মহড়ায় গুরুত্ব পায়। ২৩ আগস্ট ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
দেশের আট বিভাগের ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় আয়োজিত এই অনুশীলনে পারস্পরিক সমন্বয় ও দুর্যোগকালে একসঙ্গে কাজ করার প্রক্রিয়া ঝালিয়ে নেওয়া হয়।
সোমবার মিরপুরে অনুশীলনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। মঙ্গলবার সকালে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার পরিদর্শন শেষে বিকেলে এই যৌথ অনুশীলনের সমাপ্তি ঘোষণা করেন।