উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান মৎস্য বোট ‘এফবি আল আমিন’ এবং এর ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার রাতে টহল দেওয়ার সময় নৌবাহিনীর জাহাজ কপোতাক্ষ বোটটি বিকল হওয়ার খবর পায়। এরপর বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউ উপেক্ষা করে সোমবার সকালে মোংলা ফেয়ারওয়ের কাছ থেকে জেলেদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা গত ১৯ আগস্ট বাগেরহাটের শরনখোলা থেকে সমুদ্রে মাছ ধরতে যান। যাত্রা শুরুর দুই দিন পর বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তারা টানা তিন দিন সমুদ্রে ভাসছিলেন।
নৌবাহিনীর সদস্যরা জেলেদের খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে বোটটি টোয়িং করে হিরণ পয়েন্টে নিয়ে আসা হয় এবং জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।