উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ধর্মীয় শান্তি ও আকিদাগত নিরাপত্তার স্বার্থে হিযবুত তাওহীদের কার্যক্রম নিষিদ্ধ এবং কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিববুল্লাহ বাবুনগরী। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এসব দাবি জানান।
সম্মেলনে মুহিববুল্লাহ বাবুনগরী দেশের আইন প্রণয়নে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, লিঙ্গপরিচয় ও সংশ্লিষ্ট নীতিমালাগুলো দেশের সামাজিক বাস্তবতা ও জনমতের আলোকে যথাযথভাবে পর্যালোচনা করা জরুরি। তবে কোনো ব্যক্তির প্রতি যেন অন্যায় বা বৈষম্য না হয়, সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেন তিনি।
কাদিয়ানীদের প্রসঙ্গে হেফাজত আমির বলেন, হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর শেষ নবী। যারা এই আকিদা অস্বীকার করে, তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি। সাধারণ মুসলমানদের ঈমান রক্ষায় তাদের প্রচারণা বন্ধের ওপর জোর দিয়ে তিনি বলেন, এটি কোরআন ও সুন্নাহর সরাসরি পরিপন্থি।
হিযবুত তাওহীদের মতাদর্শকে বিভ্রান্তিকর উল্লেখ করে সংগঠনটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তিনি। পাশাপাশি মওদূদীবাদের মতাদর্শিক ভুল সম্পর্কে উম্মাহকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামি সমাজ বিনির্মাণ হতে হবে কোরআন-সুন্নাহর আলোকে, কোনো ব্যক্তিবিশেষের রাজনৈতিক ব্যাখ্যার ওপর ভিত্তি করে নয়।
মসজিদের মিম্বারসহ সমাজের প্রতিটি স্তরে কোরআন-সুন্নাহর সঠিক শিক্ষা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বাবুনগরী। ‘ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি’ আয়োজিত এই কনভেনশনে ওলামায়ে কেরামের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।