উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবকে ‘ক্যাজুয়াল’ ও ‘ইনফরমাল’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বিষয়টি খুব সিরিয়াসলি না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এর আগে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। এ সময় একটি সংবাদমাধ্যমের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কার এত জ্বালা যে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?
প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বর্তমান অবস্থা এবং এ বিষয়ে সরকারের ভাষ্য কী, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। এছাড়া প্রতিমন্ত্রীর বক্তব্য কতটা যথাযথ হয়েছে, তাও জানতে চান সাংবাদিকরা। জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আচ্ছা, আমি এটা বলি যে উনি একটু ইনফরমালি কথা বলছিলেন। আর আমার মনে হয় এই জবাবটা তার কাছে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভালো অপশন।
তিনি আরও বলেন, এরপরও যদি এ বিষয়ে কোনো ধরনের ক্ল্যারিফিকেশন প্রয়োজন হয়, তাহলে সরকার বিষয়টি খোঁজ করে দেখতে পারে। তবে আমি মনে করি, এ বিষয়ে সবচেয়ে ভালো হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই প্রশ্ন করা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আমাদের সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ উনি। আপনারা বক্তব্যটা পড়লে একরকম লাগবে, আর বক্তব্যটা যদি দেখেন, তাহলে দেখবেন উনি একটু ক্যাজুয়ালি, ইনফরমালি কথা বলছিলেন। আমার মনে হয়, এটাকে খুব সিরিয়াসলি না নেওয়াটাই উচিত হবে। উল্লেখ্য, উক্ত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।