উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রিশাত জাহান অমি নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ আগস্ট দিবাগত রাত দেড়টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা জাকির হোসেন জানান, রাতে পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন এবং সেই সুযোগেই মাঝরাতে পারিবারিক কলহের জেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন রিশাত। ভোরের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ৭টার দিকে তাকে মৃত বলে জানান।
নিহত রিশাত জাহান অমি ঢাকার কামরাঙ্গীরচরের কলা মাঠ এলাকার মো. ওসমান গনির মেয়ে এবং তিনি ঢাকা সিটি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।