উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান জানিয়েছেন, কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে। এটিকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে স্থানীয় আলেম-ওলামাদের বাধা দেওয়ার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কনসার্ট বাতিল হওয়া মানেই সরকারের সহযোগিতার অভাব নয়। সেখানে নিরাপত্তার বিষয়সহ আরও অনেক কারণ থাকতে পারে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যাবে বলে জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা কোনো ব্যবস্থার বিষয় নয়, এটি একটি মানসিকতার বিষয়। নিজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের বিষয়টি গ্রহণ করার মানসিকতা থাকতে হয় উল্লেখ করে তিনি জানান, বিগত ১৭ বছরে সমালোচনা শোনার সেই মানসিকতা ছিল না।
তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন যে কাউকে নিয়ন্ত্রণ করা হবে না। সরকারের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা বা বিঘ্ন সৃষ্টির মানসিকতা নেই বলেও এ সময় পুনর্ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।