উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সারাদেশে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জনসচেতনতা ও সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে বাহিনীটি। মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (২৬ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করেছে এবং বিভিন্ন স্থানে ফোর্স মোতায়েন রয়েছে।
স্বার্থান্বেষী মহল বা কোনো গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ড রোধে গোয়েন্দা তৎপরতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার করা হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র্যাব ফোর্সেস। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।