উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, ওয়ারী বিভাগে ৭২ জন, উত্তরা বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে পুলিশ চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, দুই গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি উদ্ধার করেছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।