উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালংকারের এই নতুন দাম ঘোষণা করেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।