উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মো. ইউনুস আলীর বাবার নাম মো. তৈয়ব আলী এবং মায়ের নাম মোছা. আফলাতুন। তাঁর স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী (জাফরটলী) গ্রামে। রাষ্ট্রপতি যতদিন এই পদে থাকবেন বা ইউনুস আলীকে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-২ পদমর্যাদার এই নিয়োগটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ অনুযায়ী দেওয়া হয়েছে।
এছাড়া অপর এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে বদলি ও পদায়ন করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।