উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চিকিৎসকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সততা, দয়া ও সেবামূলক শিক্ষা ধারণ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ। তারা বলেন, চিকিৎসাসেবা শুধু পেশা নয়, এটি মানুষের জীবন ও কল্যাণের সঙ্গে সম্পৃক্ত একটি মহান দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘সিরাতুন্নবী (সা.)-এর গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আমাদের জন্য তাঁর আদর্শ’ প্রতিপাদ্যে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মানবজাতির সার্বিক কল্যাণ, নৈতিক চরিত্রের উৎকর্ষ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে মহানবীর জীবন ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। একজন চিকিৎসক প্রতিদিন অসুস্থ মানুষের সঙ্গে কাজ করেন, তাই তাদের আচরণে মানবিকতা ও সহমর্মিতা থাকা অত্যন্ত জরুরি।
রোগীর আর্থিক ও সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার সঙ্গে সমান আচরণ করা এবং পেশাগত দায়িত্বে সততা বজায় রাখার মাধ্যমে মহানবীর শিক্ষা অনুসরণ করা সম্ভব বলে তারা উল্লেখ করেন। সভায় সভাপতিত্ব করেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার।