উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দেওয়া বক্তব্যকে অপেশাদার ও আক্রমণাত্মক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। সংগঠনটি প্রতিমন্ত্রীর এই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে।
আজ সোমবার এক বিবৃতিতে বিজেআইএম জানায়, মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছিলেন কি না, তা নিয়ে একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি সুনির্দিষ্ট জবাব না দিয়ে সংবাদমাধ্যমকে উপহাস করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ইঙ্গিত দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, 'কোন নিউজপেপার? কার এত জ্বালা যে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?'
বিজেআইএম উল্লেখ করেছে, হুমায়ুন কবির অতীতে ব্রিটেনের লেবার পার্টি থেকে কাউন্সিলর এবং ক্রোয়িডনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনটি জোর দিয়ে বলেছে, সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে সাংবাদিকেরা প্রতিপক্ষ নন। তারা প্রতিমন্ত্রীর নাগরিকত্ব ও সাংবিধানিক যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের স্পষ্ট ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার দাবি জানিয়েছে।