উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারের গেন্ডা বাজারে পচা ও বাসি কাঁচা মাংস সংরক্ষণ এবং বিক্রির অপরাধে 'জাহাঙ্গীর গোশত বিতান' নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে।
অভিযানটি পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি.এম. রুহুল আমিন রিমন। অভিযানকালে দোকানটিতে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ পচা ও বাসি মাংসের সন্ধান মেলে। এছাড়া ঝুলিয়ে রাখা মাংসের ক্রয়সংক্রান্ত কোনো ভাউচার বা রশিদ দেখাতে পারেনি দোকান কর্তৃপক্ষ।
অভিযানের সময় প্রতিষ্ঠানটি তাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স প্রদর্শনেও ব্যর্থ হয়। এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী জাহাঙ্গীর গোশত বিতানকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা।