উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিটিআরসির দেশের ছয়টি স্পেকট্রাম মনিটরিং স্টেশন থেকে এখন থেকে তরঙ্গ পর্যবেক্ষণের পাশাপাশি চার ধরনের টেলিযোগাযোগ সেবা পাওয়া যাবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্প্রতি বিটিআরসিকে এই অনুমোদন দিয়ে একটি চিঠি পাঠিয়েছে।
অনুমোদিত সেবাগুলোর মধ্যে রয়েছে বিটিআরসি সংক্রান্ত তথ্যের জন্য ওয়ান স্টপ সার্ভিস, সাধারণ ডকুমেন্ট গ্রহণ, মাঠপর্যায়ের সেবার মান সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান। এর ফলে গ্রাহকদের জন্য টেলিযোগাযোগ সেবা আরও সহজলভ্য হবে।
নির্দেশনায় বলা হয়েছে, এই কার্যক্রমের জন্য কোনো নতুন জনবল নিয়োগ বা অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে না। বিদ্যমান জনবল ও বাজেটের মাধ্যমেই স্টেশনগুলোতে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে বিটিআরসিকে।
এছাড়া গ্রাহকেরা যাতে ঘরে বসেই অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস ও উদ্যোক্তাদের তথ্য সেবা নিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।