উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানান প্রধান বিচারপতি।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বর্তমান কার্যক্রম এবং আদালত পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বিচারাঙ্গনে বিদ্যমান অতিরিক্ত মামলা জট, দক্ষ জনবলের অভাব এবং কাঠামোগত সংকটের বিষয়গুলো তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
প্রধান বিচারপতি জানান, প্রতিদিন যে পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়ে বেশি মামলা দায়ের হওয়ার কারণে জট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলা জট কমাতে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বিচার বিভাগের অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।