উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য তৈরি হয়েছে এক বিশেষ সুখবরের সম্ভাবনা। আগামী অক্টোবরে ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল।
প্রস্তাবিত এই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম ও গ্যালারিসহ বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন। পরে তাঁরা বসুন্ধরা কিংস অ্যারেনা ঘুরে দেখেন এবং রোববার (২৩ আগস্ট) রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচের পর ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে আসতে চায় ব্রাজিল। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলার স্মৃতি আজও ফুটবলাঙ্গনে উজ্জ্বল।
তবে আসিয়ান কাপের ব্যস্ত সূচি ও খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি ভাবিয়ে তুলছে বাফুফেকে। ইন্দোনেশিয়ায় ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আসিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। ফলে আসিয়ান কাপ শেষ হওয়ার দুই দিনের মধ্যে ম্যাচ খেলা সম্ভব কি না, তা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে।