উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুলবাড়ী গণ–অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা থেকে দিনাজপুরের ফুলবাড়ী পর্যন্ত এক দীর্ঘ প্রচারযাত্রার সূচনা করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। আগামী বুধবার ফুলবাড়ীতে আয়োজিত অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে অংশ নেবেন কমিটির নেতা-কর্মীরা।
প্রচারযাত্রার উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক আনু মুহাম্মদ জানান, দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারীকরণ বন্ধসহ চারটি মূল দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ২০০৬ সালের সেই ঐতিহাসিক চুক্তির শর্তগুলো আজও প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ না করার প্রতিশ্রুতি রক্ষার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচারযাত্রাটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে পথসভা ও সমাবেশ শেষে ফুলবাড়ীতে পৌঁছাবে। বুধবার ফুলবাড়ী শহীদ মিনারে সাম্রাজ্যবাদ বিরোধী শপথ গ্রহণের মধ্য দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে। একই সঙ্গে সেখানে ‘মার্কিন বাণিজ্যচুক্তির বিপদের প্রদর্শনী’ শীর্ষক প্রদর্শনীরও উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা প্রকল্প বিরোধী আন্দোলনে বিডিআর-এর গুলিতে তিনজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন। তীব্র আন্দোলনের মুখে ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়, যা আজও ফুলবাড়ী চুক্তি হিসেবে পরিচিত।