উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে ড্রাইভিং ভিসায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রোববার বিকেলে রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শামীম, মো. রুহুল আমিন, মো. হৃদয় হাসান, আবু রায়হান ও মো. সানি মিয়া। অভিযানে তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চক্রটি মাসিক ২ হাজার ৫০০ রিয়াল বেতনের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তি করে। ড্রাইভিং ভিসার পরিবর্তে ট্যুরিস্ট ভিসা ধরিয়ে দিয়ে প্রতারণার মাধ্যমে তারা ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে সিআইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বর্তমানে সিআইডির মানবপাচার শাখা মামলাটি তদন্ত করছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। বিদেশ গমনেচ্ছুদের কোনো প্রলোভনে না পড়ে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে সিআইডি।