উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্পাদকরা বিরোধী দলকে সহিংস বা অস্থিতিশীল পথ পরিহার করে গঠনমূলক সমালোচনার পরামর্শ দিয়েছেন।
সোমবারের এই সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সম্পাদকরা বিরোধী দলকে জনগণের দাবি নিয়ে রাজপথে থাকার পরামর্শ দিলেও আগের মতো অস্থিতিশীল পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
সভায় যায়যায়দিনের শফিক রেহমান, ইত্তেফাকের তাসমিমা হোসেন, ডেইলি স্টারের মাহফুজ আনামসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দেশের বর্তমান পরিস্থিতি, ভূ-রাজনীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার আরও জানান, সভায় সরকারি দলের পক্ষ থেকে সংসদে বিরোধী দলকে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতের আমির। গণভোটের রায় বাস্তবায়নসহ জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের প্রতিবাদে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও সভায় উল্লেখ করা হয়েছে।