উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব পাস হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৪.৬২৫ ডলারে এই গ্যাস সরবরাহ করা হবে।
এছাড়া ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এই চালানে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম পড়বে ২৪.২৫ ডলার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তর্জাতিক কোটেশন আহ্বানের মাধ্যমে সরকারি ক্রয় বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুযায়ী প্রস্তাবটি কমিটির কাছে উপস্থাপন করেছিল। ক্রয়প্রক্রিয়া ও দরদাতাদের প্রস্তাব পর্যালোচনার পর কমিটি তা অনুমোদন করে।