উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় প্রেমের সম্পর্কের বিয়ের চার মাসের মাথায় তানজিনা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহটি রেখে পালিয়ে যান তার স্বামী মো. আকাশ। নিহত তানজিনা আক্তার খুলশীর ঝাউতলা টিকিট প্রিন্টিং প্রেস কলোনি এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ব্যবসার জন্য টাকা এনে দিতে তানজিনাকে চাপ দিতেন আকাশ। টাকা না দিলে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
খুলশী থানার উপ-পরিদর্শক মনোতোষ বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকাশ পলাতক রয়েছেন। নিহতের স্বজনদের অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।