উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকাতেই। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৪৯ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩৯ জন এবং নিশ্চিত হামে ৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৩৮ জনে পৌঁছেছে।
পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা চলমান রয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জনের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।