উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিক্ষা সহায়তা ট্রাস্টের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্রাস্টের চলমান কার্যক্রম, এর লক্ষ্য এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আর্থিক সহায়তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির ইতিবাচক প্রভাব নিয়ে পর্যালোচনা করা হয়। এই প্রেক্ষাপটে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য পুনরায় সার্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ছেলেদের জন্য মেধাভিত্তিক উপবৃত্তি প্রদানের বিষয়েও আলোচনা হয়েছে।
শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে শিক্ষার মানোন্নয়নের সঙ্গে যুক্ত করে মিড-ডে মিল কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। খাবারের মান ও পুষ্টি নিশ্চিত করার বিষয়ে কোনো আপস না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দুটি ভিন্ন পদ্ধতিতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন।
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।