উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটিকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রাকটি।
দুর্ঘটনার সময় প্রাইভেটকারটি ইউটার্নে ঘোরানোর চেষ্টা করছিলেন মালিক তানভীর হোসেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গাড়িটি ট্রাকের নিচে আটকে যায়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন মালিক তানভীর।
ঘটনার পর ট্রাকের চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করে। আহত তানভীর হোসেনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়া হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।