উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে অবৈধভাবে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি বোয়ালখালী অতিক্রম করার সময় পার্ক করা টেম্পোটির সঙ্গে ঘর্ষণ হয়। এতে ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দরজা পুরোপুরি খুলে পড়ে যায়। এই ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুইজন যাত্রী আহত হয়েছেন।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ারুল তারেক জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত টেম্পোটি এবং ট্রেনের বিচ্ছিন্ন দরজাটি হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, রেললাইন ঘেঁষে যানবাহন পার্কিংয়ের কারণে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। গত দুই দিনে একই স্থানে আরও দুটি যানবাহন ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পরিস্থিতি বদলায়নি।