উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সজীব, মো. হিমু, মো. তুষার, মো. জয়, মো. টুটুল ও মো. ইমরান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে মাদক আসার খবরে মাতুয়াইল এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি গাড়ি তল্লাশি করে পাঁচজনকে আটক করা হলেও কোনো মাদক পাওয়া যায়নি। পরে তাদের দেওয়া তথ্যে গেন্ডারিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার সজীব ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারবারি সজল ওরফে অটো সজলের ছোট ভাই। এর আগে গত মার্চ মাসে মাদক অভিযানের সময় সজলের সরবরাহ করা অস্ত্র দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে গুলি করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১৮ জুন সায়েদাবাদ এলাকা থেকে অটো সজলকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময়ও তার বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও হেরোইন উদ্ধার করা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।