উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের চেরাগি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নোংরা পরিবেশ ও তেলাপোকার উপদ্রবের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানকালে দেখা যায়, রেস্তোরাঁটির রান্নাঘরের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং সেখানে আনাচে-কানাচে কিলবিল করছে নানা আকারের তেলাপোকা। এ ছাড়া নিয়ম অমান্য করে খাবারে খোলা লবণ ব্যবহার করা হচ্ছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অধিদপ্তরের উপপরিচালক জানান, এর আগেও তিনবার এই হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল কিন্তু তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে পুরো রান্নাঘরে নোংরার স্তূপ জমে গেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে হোটেল মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।