উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে এ খাতের উন্নয়নে একক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই করে যৌথ কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমরা আজ একটি সিদ্ধান্ত নিলাম এবং এই সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা চাই পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি এমওইউ করা। যার মাধ্যমে দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি গঠন করে সাংস্কৃতিক পর্যটনের জন্য একক নীতিমালার কার্যক্রম গ্রহণ করা হবে। মালয়েশিয়ার ট্যুরিজম অ্যান্ড কালচার মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের স্থাপনা রক্ষণাবেক্ষণ ও কাজ করার পদ্ধতি আমরা প্রাথমিকভাবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, পর্যটন খাতে বর্তমানে জিডিপি ২ থেকে ৩ শতাংশ হলেও দুই মন্ত্রণালয়ের সম্পৃক্ততায় তা ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। প্রথমে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, কক্সবাজার থেকে বৌদ্ধ নিদর্শন এবং ময়নামতীকে প্রথম পর্যায়ে বেছে নিয়ে পর্যায়ক্রমে এর প্রসার ঘটানো হবে। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম ও মালদ্বীপের মতো আমরাও আমাদের ঐতিহ্য তুলে ধরে পৃথিবীর সামনে প্রমাণ করতে চাই আমরা শ্রেষ্ঠ। উপযুক্ত সমন্বয় ও যৌথ কার্যক্রমের মাধ্যমে এই উদ্যোগ দেশের অর্থনীতিতে অত্যন্ত সুফল বয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।