উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কথা বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে আলোচনা শুরু করেছে কমিশন। এরই অংশ হিসেবে আইজিপির সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান সিইসি। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের সময় পুলিশ কী পরিমাণ সদস্য দিতে পারবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে দুর্গাপূজা, বর্ষাকাল, বন্যার সম্ভাবনা এবং বার্ষিক পরীক্ষার সময়সূচির মতো বিষয়গুলো বিবেচনা করতে হবে বলে জানান সিইসি। তবে স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁওয়ের শূন্য আসনের উপনির্বাচন করতে হবে এবং সে অনুযায়ী কমিশন কাজ করছে বলে জানান সিইসি। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের তুলনায় সহিংসতার মাত্রা কিছুটা বেশি থাকে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে মোবিলাইজ করা হবে।