উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সামনের দিকে বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জি খাতে পিপিপি মডেলে সহযোগিতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে। সরকারের পলিসি এবং ইশতেহারের বিষয়গুলো নিয়ে গত ৬ মাসে মন্ত্রণালয়ের অগ্রগতি কী, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
মীর শাহে আলম বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে তারা ইনভেস্ট করতে পারে। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন যে তারা এ বিষয়ে অফিশিয়ালি নোটিশ করবেন এবং আলোচনা করবেন। দুই দেশের সুসম্পর্ক আরও গভীর ও সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়েও বৈঠকে একমত পোষণ করা হয়।
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে তিনি বলেন, এটি ওয়েস্ট টু এনার্জি হতে পারে কারণ প্রতিটি সিটি কর্পোরেশনে প্রচুর ময়লা-আবর্জনা ডাম্পিং অবস্থায় আছে। উত্তর সিটি কর্পোরেশনে চায়নার একটি কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে এবং আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে ময়লা থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।