উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট)। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার (২৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ এবং শান্তির শিক্ষা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী একটি ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে।
আগামী মঙ্গলবার থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন। এসব আয়োজনে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও পারিবারিক জীবনে নৈতিকতা এবং শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হবে।