উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী পুলিশ ফাঁড়ি। গ্রেপ্তার হওয়া এই আসামির নাম মোছা. নাছিমা আক্তার এবং তার বয়স ৫২ বছর। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক আটটার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। একটি মামলার রায়ে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মোছা. নাছিমা আক্তারকে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।