উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য মনে করে বর্তমান সরকার ছয় মাসে রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিমত তুলে ধরা হয়। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন যে, মন্ত্রিপরিষদে আরও পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, মাত্র ছয় মাসে মন্ত্রিপরিষদ পুনর্গঠন করতে হয়েছে কারণ তাদের পরিকল্পনা ও হোমওয়ার্ক যথাযথ ছিল না এবং বেশির ভাগ মন্ত্রীই ব্যর্থ হবেন। আইন-শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই ব্যর্থ প্রমাণিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের অব্যবস্থাপনার ফলে জনগণের ভোগান্তি বেড়ে জনআস্থা তলানিতে ঠেকেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি উল্লেখ করেন, দেশে লোডশেডিং, সারের সংকট, জ্বালানি সংকট ও গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি কয়েক শ কারখানা বন্ধ হচ্ছে। ব্যর্থতার জন্য সরকারের উচিত ক্ষমা প্রার্থনা করা এবং বিরোধী দলসহ জনগণের কাছে সহায়তা কামনা করা।
ভারত সফর প্রসঙ্গে নাহিদ বলেন, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে না। সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ আগামী ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চসহ বিভিন্ন নতুন কর্মসূচি ঘোষণা করেন।