উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। উপদেষ্টা পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তাঁর পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
সরকার গঠনের ছয় মাস পর গতকাল শুক্রবার মন্ত্রিসভার আকার বেড়েছে এবং নতুন পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। গতকাল রাতেই জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার কথা জানানো হয়েছিল এবং আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তাঁকেসহ এখন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছেন ১০ জন। এর মধ্যে জহির উদ্দিন স্বপন ছাড়াও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও মো. রুহুল কবির রিজভী।